নেটফ্লিক্সে উন্মুক্ত হলো মোবাইল গেম

৪ নভেম্বর, ২০২১ ০০:২০  
গেমিং নিয়ে নেটফ্লিক্সের লক্ষ্য বাস্তবায়ন আরেকধাপ এগিয়ে গেলো। বুধবার থেকে নেটফ্লিক্সের সকল সাবস্ক্রাইবার তাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে পাঁচটি গেম খেলার সুযোগ পাবেন। কোনো বাড়তি চার্জ ছাড়াই অ্যান্ড্রয়েড ফোন কিংবা ট্যাবলেটের মাধ্যমে গুগল প্লে স্টোর থেকে এই গেমগুলো ডাউনলোড করা যাবে। খবর এনগ্যাজেট। বুধবার থেকে ধারাবাহিকভাবে সকল ব্যবহারকারীর কাছে পৌঁছে যাচ্ছে এই সুবিধা। তবে আইওএস ব্যবহারকারীরা এখনই নেটফ্লিক্সে গেমের সুবিধা পাচ্ছেন না। তাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। গত আগস্টে নেটফ্লিক্স অ্যান্ড্রয়েডে গেমের পরীক্ষা চালানো শুরু করে। দুইটি গেম নিয়ে প্রথমে পোল্যান্ড এবং পরবর্তীতে স্পেন ও ইটালিতে এই পরীক্ষার সম্প্রসারণ করা হয়। যুক্ত হয় আরও তিনটি গেম। এসব গেমের সাথে নেটফ্লিক্স শো কিংবা সিনেমার কোনো সম্পৃক্ততা নেই। এসব গেমে কোনো বিজ্ঞাপন বা ইন-অ্যাপ পারচেজ নেই। ফলে নেটফ্লিক্স সাবস্ক্রাইবাররা ভোগান্তি ছাড়াই গেমগুলো খেলতে পারবেন। নেটফ্লিক্স অ্যাপের হোমপেজ কিংবা গেমস ট্যাবে ক্লিক করে গেমের অ্যাক্সেস পাওয়া যাবে। যখনই কোনো গেম নির্বাচন করা হবে তখন এটি প্লে স্টোর থেকে ডাউনলোড হবে এবং নেটফ্লিক্স অ্যাপের মাধ্যমে খেলা যাবে। ডিবিটেক/বিএমটি